আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের বড় অভিযান! গাড়ি থেকে উদ্ধার প্রায় ৩৪০ বোতল কফ সিরাপ, গ্রেপ্তার চালক


আমবাসা: নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি Hyundai গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল Eskuf কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির শুরুতে গাড়ির চাকার অংশে লুকিয়ে রাখা প্রায় ১০০ বোতল সিরাপ উদ্ধার হয়। এরপর সন্দেহ হওয়ায় গাড়িটির বিভিন্ন অংশে আরও তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিরাপের সংখ্যা প্রায় ৩৪০ বোতল।

ঘটনায় গাড়ির চালক অখিলেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তাঁর বাড়ি বিহারের পাটনায়। পুলিশ সূত্রের দাবি, গাড়িটি ধর্মনগর থেকে আগরতলার দিকে যাচ্ছিল এবং তল্লাশিতে আরও একটি নম্বর প্লেট উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমারঘাটের এক ব্যক্তির নাম উঠে এসেছে বলেও জানা গেছে। তবে ওই ব্যক্তির কোনও যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি। উদ্ধার হওয়া সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে আমবাসা থানার পুলিশ।



