

ধর্মনগর: ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী যুব সংগঠন DYFI। সংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে দেশের বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগের দাবিও জানানো হয়।

পাশাপাশি ত্রিপুরায় চাকরির দাবিতে আন্দোলনরত TET উত্তীর্ণদের উপর পুলিশের জলকামান ব্যবহার ও আটকের ঘটনারও তীব্র প্রতিবাদ জানায় DYFI। সংগঠনের দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন দমন না করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করার দাবিও তোলা হয়। এই দুই ইস্যুকে সামনে রেখেই ধর্মনগরে স্লোগান ও বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানায় সংগঠনের নেতা-কর্মীরা।



