ভোটের আগে খোয়াইয়ে কড়া নিরাপত্তা! অতিরিক্ত ৫ কোম্পানি CRPF মোতায়েন


খোয়াই: আগামী ২৮ সেপ্টেম্বর TTAADC ভিলেজ কমিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খোয়াই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডির নেতৃত্বে আয়োজিত বৈঠকে CRPF, অসম রাইফেলস, BSF, TSR, রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, খোয়াই জেলার পাঁচটি ব্লকের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ৫৩টি পোলিং স্টেশনের নিরাপত্তায় অতিরিক্ত পাঁচ কোম্পানি CRPF জওয়ান আনা হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ, TSR ও BSF-ও নিরাপত্তার দায়িত্বে থাকবে। ভোটগ্রহণ থেকে শুরু করে ব্যালট পরিবহণ ও পরবর্তী প্রক্রিয়ায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার।



